ঢাকার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান হামলাকারীর দুই সহযোগী ভারতে আটক হয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।
তিনি জানান, হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত। মূল সন্দেহভাজন ফয়সাল করিম ওরফে দাউদ খান বর্তমানে ভারতে পলাতক রয়েছেন। তাকে সহায়তার অভিযোগে পুত্তি ও স্বামী নামের দুই সহযোগীকে ভারতের মেঘালয় থেকে আটক করা হয়েছে।
ডিএমপি জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ছয় জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আগামী ৭–১০ দিনের মধ্যে মামলার চার্জশিট দাখিল এবং ৭ জানুয়ারির মধ্যে তা চূড়ান্ত করা হবে।
তদন্তে দুটি বিদেশি পিস্তল, ৫২ রাউন্ড গুলি, মোটরসাইকেল, ভুয়া নম্বর প্লেট এবং ৫৩টি ব্যাংক অ্যাকাউন্টের বিপরীতে ২১৮ কোটি টাকার চেক উদ্ধার করা হয়েছে। তবে মূল আসামি গ্রেপ্তার না হওয়ায় হত্যার উদ্দেশ্য এখনো নিশ্চিত নয়।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর পল্টনে হামলার শিকার হন শরিফ ওসমান হাদি। চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে তিনি মারা যান। তার মৃত্যুর পর মামলায় দণ্ডবিধির ৩০২ ধারা (হত্যা) যুক্ত করা হয়।













