নিউজটি অডিও শুনুন🎵
মুর্শিদাবাদের বেলডাঙায় ৬ ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনকে কেন্দ্র করে এলাকাজুড়ে উত্তেজনা ও আলোচনার সৃষ্টি হয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপনের পর থেকেই বাড়তে থাকে অনুদানের পরিমাণ। তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবিরের উদ্যোগে শুরু হওয়া অর্থসংগ্রহ অভিযানে এখন পর্যন্ত ৩ কোটি টাকার বেশি জমা পড়েছে বলে জানা গেছে।
হুমায়ুন কবির জানান, অনেকে সরাসরি নগদ অর্থ দিচ্ছেন, আবার অনেকে অনলাইনের মাধ্যমে অনুদান পাঠাচ্ছেন। তাঁর বাড়িতে প্রতিদিনই দানবাক্সগুলো খোলা হচ্ছে এবং ১১টি বাক্সে এখন ৫০০ রুপির নোট থেকে শুরু করে খুচরা টাকা ও বিদেশি মুদ্রাও পাওয়া যাচ্ছে। সংগৃহীত সব অর্থ মসজিদ নির্মাণে ব্যয় করা হবে বলেও তিনি নিশ্চিত করেন।
ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন সকাল থেকেই জাতীয় সড়কে মানুষের ঢল নামে। পশ্চিমবঙ্গসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে লোকজন উপস্থিত হন। অনেকেই মাথায় ইট তুলে অনুষ্ঠানে যোগ দেন। সেদিনের অনুষ্ঠানে বক্তৃতাকালে হুমায়ুন কবির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে সতর্কবার্তাও দেন। তাঁর দাবি—মসজিদ নির্মাণে বাধা দেওয়া হলে তিনি পিছু হটবেন না, প্রয়োজনে প্রাণ দিতেও প্রস্তুত।
তিনি আরও বলেন, দেশে যখন মন্দির ও গির্জা নির্মাণে কোনো বাধা নেই, তখন মুসলমানরাও সংবিধান অনুযায়ী মসজিদ নির্মাণের অধিকার রাখে। সুপ্রিম কোর্টও স্বীকার করেছে, ১৯৯২ সালে বাবরি মসজিদ ভাঙা হয়েছিল। তাই শান্তিপূর্ণভাবে মসজিদ নির্মাণের অধিকার কারও বাধা দেওয়া উচিত নয়।
উল্লেখ্য, ১৯৯২ সালের এই দিনেই অযোধ্যার বাবরি মসজিদ ভেঙে ফেলার ঘটনা ঘটে। ঠিক সেই ঐতিহাসিক তারিখেই এবার বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন নতুন বিতর্কের জন্ম দিয়েছে

















