খবরটি অডিও শুনুন🎵
ডিসেম্বরের প্রথম আট দিনেই দেশে রেমিট্যান্স প্রবাহ এক বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, ১ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১.০০৮ বিলিয়ন ডলার (১০০ কোটি ৮০ লাখ ডলার)। অর্থাৎ প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১২ কোটি ৬০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, গত বছরের একই সময়ের তুলনায় এবার রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগের বছর এই সময়ে দেশে এসেছিল প্রায় ৮৩ কোটি ১০ লাখ ডলার।
তিনি আরও জানান, শুধু ৮ ডিসেম্বর একদিনেই প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ১৩ কোটি ১০ লাখ ডলার। চলতি অর্থবছরের জুলাই থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৪০৪ কোটি ৬০ লাখ ডলার, যা বিগত বছরের তুলনায় প্রায় ১৮.৪০ শতাংশ বেশি।
রেমিট্যান্স আয়ের ধারা গত কয়েক মাস ধরেই উর্ধ্বমুখী। নভেম্বর মাসে দেশে এসেছে চলতি অর্থবছরের সর্বোচ্চ ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার। এর আগে অক্টোবর ও সেপ্টেম্বরে এসেছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। জুলাই ও আগস্টে এসেছে প্রায় ২৪৭ কোটি ৮০ লাখ ডলার এবং ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ২০২৪-২৫ অর্থবছর শেষে মোট রেমিট্যান্স আয় দাঁড়িয়েছে ৩০.৩২ বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রাপ্তির নতুন রেকর্ড।
















